ফের কয়েকশো কর্মী ছাঁটাই করলো অ্যালফাবেট

১৬ সেপ্টেম্বর, ২০২৩ ২২:২৯  

ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলো প্রযুক্তি জায়ান্ট গুগল। এবার কয়েকশো কর্মী ছাঁটাই করলো গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট।

বুধবার কোম্পানির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কর্মশক্তি কমানোর উদ্দেশ্যে অ্যালফাবেট-এর বিশ্বব্যাপী নিয়োগকারী দল থেকে প্রায় কয়েকশো কর্মী ছাঁটাই করা হলো। পাশাপাশি, কোম্পানিটি তাঁদের ধীরগতির নিয়োগ প্রক্রিয়াও অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বিশ্বের প্রথম ‘প্রযুক্তি জায়ান্ট’ কোম্পানি হিসেবে কর্মী ছাঁটাই করলো অ্যালফাবেট।

বুধবার অ্যালফাবেট-এর কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, কোম্পানির বিশ্বব্যাপী নিয়োগকারী দল থেকে প্রায় কয়েকশো কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্তটি কর্মচারী ছাঁটাই নিয়ে কোম্পানির বৃহৎ পরিসরের অংশ নয়। পাশাপাশি, এই ছাঁটাই প্রক্রিয়ার পরেও কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে কর্মচারী নিয়োগ করার জন্য ওই নিয়োগকারী দলের একটি বড় অংশকে ধরে রাখা হয়েছে। সাম্প্রতিক এই কর্মী ছাঁটাইয়ের পর কোম্পানির বর্তমান কর্মচারীরা কোম্পানির মধ্যেই অন্যান্য পদের খোঁজ করতে পারবে বলে জানিয়েছে অ্যালফাবেট কর্তৃপক্ষ।

চলতি বছরের শুরুতে আক্রমণাত্মকভাবে হঠাৎই বিশাল সংখ্যায় কর্মী ছাঁটাই শুরু করে মেটা, মাইক্রোসফট, আমাজনের-এর মতো বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো। কিন্তু জুলাই-আগস্ট ত্রৈমাসিকে এখনও পর্যন্ত সেই মাত্রার কোনও প্রযুক্তি কোম্পানি কর্মী ছাঁটাই করেনি। অ্যালফাবেটই প্রথম তাদের বিশ্বব্যাপী নিয়োগকারী দল থেকে একসঙ্গে প্রায় কয়েকশো কর্মচারীকে বরখাস্তের নোটিশ ধরালো।

প্রসঙ্গত, কোম্পানির জনবল প্রায় ৬ শতাংশ কমিয়ে চলতি বছরের জানুয়ারি মাসেও মোট ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছিলো অ্যালফাবেট।

ডিবিটেক/বিএমটি